ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. সাইদ ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে কোটচাঁদপুর থানার গুড়পাড়া এলাকার গুড়পাড়া-তালিনা সংযোগ সড়কের দোনগাড়ি ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গুড়পাড়া ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) মো. রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, দোনগাড়ি ব্রিজের ওপর এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে গাঁজাসহ অবস্থান করছেন।
পরে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি পালানোর বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে সাদা পলিথিনে রাখা ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮০০ টাকা।
গ্রেফতার মো. সাইদ ইসলাম কোটচাঁদপুর উপজেলার তালিনা এলাকার সুরত আলী মন্ডলের ছেলে।
এ ঘটনায় কোটচাঁদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি থানায় ১৪ নম্বর হিসেবে রুজু হয়।
পরে গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।