নড়াইলের নড়াগাতী থানা এলাকায় ২৫০ গ্রাম গাঁজাসহ এনামুল শেখ (২৬) ও মোঃ রাফিন রহমান ওরফে জুই (২৭) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ৯ নম্বর বাঐসোনা-শরীফপুর এলাকায় বাদল রায়ের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হোসেন আলীর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) এফ. এম. তারেক ও এএসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় এনামুল শেখ ও মোঃ রাফিন রহমান ওরফে জুইকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার এনামুল শেখ নড়াগাতী থানার কলাবাড়িয়া এলাকার ছয়আনিপাড়ার মৃত বাবু শেখের ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি মোঃ রাফিন রহমান ওরফে জুই একই থানার বাঐসোনা ইউনিয়নের খলিশাখালী এলাকার মিরান মোল্লার ছেলে।
এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: হামিদুজ্জামান জলিল ব্যবস্থাপনা সম্পাদক: মো: মাহফুজুর রহমান
বার্তা সম্পাদক: মো: ফাওজুর রহমান সাবিত
© স্বত্ব সংরক্ষিত - দৈনিক ইনসাফের চোখ ©