
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে সরকারি অসচ্ছল পরিবারের ভিজিডি (VGD) কার্ড ব্যবহারে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত হতদরিদ্র পরিবারের পরিবর্তে সচ্ছল পরিবারের নামে ভিজিডি কার্ড বরাদ্দ হওয়া এবং সেই কার্ডের চাল স্বামী মোটরসাইকেলে বহন করে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী ভিজিডি কর্মসূচির মূল লক্ষ্য নিস্ব, চরম অসচ্ছল ও দুস্থ পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়া। তবে নেপা ইউনিয়নে এক সচ্ছল ব্যক্তি নিজের স্ত্রীর নামে সরকারি সহায়তার ভিজিডি কার্ড বরাদ্দ নিতে সক্ষম হন। সম্প্রতি চাল বিতরণকালে দেখা যায়, ওই উপকারভোগীর স্বামী নিজ মোটরসাইকেলে চেপে বরাদ্দকৃত চালের বস্তা নিয়ে যাচ্ছেন।
ঘটনাটি সাধারণ মানুষের নজরে এলে এলাকায় নানা প্রশ্ন ও গুঞ্জন শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—যে পরিবারের নিজ মোটরসাইকেল কেনার সক্ষমতা আছে, তারা কীভাবে সরকারি তালিকায় ‘হতদরিদ্র’ হিসেবে গণ্য হয়? যেখানে গ্রামে অনেক গৃহহীন ও দিনমজুর পরিবার সামান্য সরকারি সহায়তার কার্ডের জন্য ঘুরছেন, সেখানে সচ্ছল ব্যক্তির পরিবারকে এই সুবিধা দেওয়ার বিষয়টি চরম বৈষম্যমূলক।
এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে নেপা ইউনিয়নের ভিজিডি কার্ডধারী উপকারভোগীদের তালিকা পুনর্নিরীক্ষণ করার জোর দাবি জানিয়েছেন। ভুয়া ও অন্যায্যভাবে সুবিধাভোগীদের কার্ড বাতিল করে প্রকৃত দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারকে এ তালিকার আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট তদারকি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
Leave a Reply