ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।
সম্প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১.৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৯৬ ডলারে পৌঁছেছে, যা গত ৮ জুনের পর থেকে সর্বোচ্চ। এর আগে এই মানদণ্ডের তেলের দাম আরও কিছুটা বেড়ে ৯৪ ডলারে লেনদেন হয়েছিল।
পাশাপাশি মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে। এই তেলের দাম ব্যারেলপ্রতি ১.৪৪ ডলার বা ১.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮.২৭ ডলারে।
বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনীর নতুন করে হামলা এবং লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা মধ্যপ্রাচ্য সংকটকে আরও ঘনীভূত করেছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে।