ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বালুভর্তি একটি বেপরোয়া ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসচালক গুরুতর আহত হলেও অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির হাত থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা যাত্রীরা।

শুক্রবার (২৪ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কোটচাঁদপুর থানার পেছনে আমবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাত ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৩-২৬৩৭)। পথে কোটচাঁদপুর বাসস্ট্যান্ড থেকে আরও পাঁচজন যাত্রী নিয়ে বাসটি কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। আমবাজার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা বালুভর্তি একটি ড্রাম ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ ও সামনের বড় গ্লাস দুমড়ে-মুচড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে বাসচালক আশানুর রহমান (৪০) গুরুতর আহত হন। তিনি যশোর কোতোয়ালি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে বাসে থাকা অন্যান্য যাত্রীরা অক্ষত থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

দুর্ঘটনার পর আহত চালক আশানুর রহমান চিকিৎসার জন্য অন্য একটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে, দুর্ঘটনার পর বালুভর্তি ড্রাম ট্রাকটির চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।