ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ১০ মাইল গ্রামে এক ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অত্যন্ত ন্যক্কারজনক এই ঘটনাটি পুলিশ ও প্রশাসনকে না জানিয়ে স্থানীয়ভাবে মাত্র ৫০ হাজার টাকায় রফা বা আপস করার পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। তাকে একা পেয়ে ‘এক লম্পট’ ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকার কিছু স্থানীয় মাতব্বর ও সালিশকারী বিষয়টি ধামাচাপা দিতে তৎপর হয়ে ওঠে। আইনি পদক্ষেপ নিতে বাধা দিয়ে ভুক্তভোগী দরিদ্র পরিবারটিকে চাপ প্রয়োগের মাধ্যমে মাত্র ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। টাকার বিনিময়ে এমন অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। ভুক্তভোগী পরিবারটি যেন কোনো মহলের চাপের কাছে নতি স্বীকার না করে সঠিক ন্যায়বিচার পায়, সে জন্য ঝিনাইদহ জেলা পুলিশ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অপরাধীকে ছাড় দেওয়া হবে না।