কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫-এর অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল হাকিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার একটি মাদকদ্রব্য মামলার এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞ আদালত ওই মামলায় নুরুল হাকিমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমন এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।