ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি ওষুধ জব্দ করেছে। সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময় এই সব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্ত সংলগ্ন পৃথক কয়েকটি স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ, নিষিদ্ধ সিরাপ এবং বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে তাদের এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।