ঝিনাইদহে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট ২০২৬) জেলা পুলিশ ঝিনাইদহের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
কাজের ব্যস্ততা ও নানা দায়িত্বের চাপের মধ্যেও রেঞ্জ ডিআইজির সরাসরি উপস্থিতিতে আয়োজিত এ কল্যাণ সভাকে ঘিরে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কর্মপরিবেশ, দৈনন্দিন সমস্যা, সুযোগ-সুবিধা এবং কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
সভায় রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা, আন্তরিকতা ও পেশাগত দায়িত্ববোধ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের স্পৃহা বাড়াতে সুস্থ কর্মপরিবেশ এবং পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ সময় তিনি পুলিশ সদস্যদের যেকোনো যৌক্তিক সমস্যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।
সভায় পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজির সরাসরি অংশগ্রহণকে জেলা পুলিশের সদস্যরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের সভার মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা ও প্রত্যাশাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে এবং এর ফলে দায়িত্ব পালনে নতুন কর্মোদ্দীপনা সৃষ্টি হবে।