খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে ১১ মাস বয়সী তুবা খাতুন নামের এক শিশু কন্যাকে টাকার বিনিময়ে বিক্রির অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের ছোমেদ সরদারের ছেলে মোঃ মিকাইল সরদারের সঙ্গে কয়েক বছর আগে বারাকপুর গ্রামের মৃত মতলেব শেখের মেয়ে মুনজিলা খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন সন্তানের জন্ম হয়। সন্তানরা হলো— মাইশা আক্তার (৭), তামিম সরদার (৩) এবং তুবা খাতুন (১১ মাস)।

অভিযোগকারী মিকাইল সরদার গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের কারণে তিনি স্ত্রী থেকে আলাদা বসবাস করছেন। তবে তিনি নিয়মিত সন্তানদের খোঁজখবর নিতেন। গতকাল তিনি ফুলতলার দামোদর গ্রামের ভাড়া বাসায় সন্তানদের দেখতে গিয়ে ছোট মেয়ে তুবাকে সেখানে না পেয়ে বিষয়টি জানতে চান। তার দাবি, স্ত্রী কোনো সন্তোষজনক উত্তর না দেওয়ায় আশপাশের লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, তার ছোট মেয়েকে দুই লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে শিশুটির মা মুনজিলা খাতুনের সঙ্গে কথা হলে তিনি এক লাখ টাকার বিনিময়ে মেয়ে তুবাকে অন্যের কাছে দেওয়ার কথা স্বীকার করেন বলে জানা যায়। তবে কার কাছে, কোথায় এবং কার মাধ্যমে শিশুটিকে দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য দিতে পারেননি।

এদিকে, ছোট বোনকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছে সাত বছর বয়সী বড় বোন মাইশা। কান্নাজড়িত কণ্ঠে সে তার আদরের বোনকে ফিরে পেতে চায়। অন্যদিকে, শিশুটির বাবা প্রশাসনের কাছে আইনি সহায়তা চেয়ে দ্রুত সন্তানকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করেছে এবং জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংবাদ লেখা পর্যন্ত স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তসাপেক্ষ। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।