আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে নতুন গোলবার স্থাপন করা হয়েছে। টুর্নামেন্টে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের উপযুক্ত পরিবেশ তৈরির অংশ হিসেবে এ প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী বিদ্যালয় ও কলেজ পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে খেলার মাঠ প্রস্তুত করা, সীমানা পুনঃনির্ধারণ এবং মানসম্মত নতুন গোলবার পোস্ট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’-এ বিদ্যালয়ের বালিকা ফুটবল দলকে প্রতিযোগিতামূলকভাবে গড়ে তুলতে প্রস্তুতি জোরদার করা হচ্ছে। নতুন গোলবার স্থাপনের ফলে শিক্ষার্থীরা এখন থেকে নিয়মিত শারীরিক শিক্ষক ও প্রশিক্ষকের তত্ত্বাবধানে সুনির্দিষ্ট নিয়মে অনুশীলন করতে পারবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সারা দেশে একযোগে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু হওয়ার কথা রয়েছে। মহেশপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও টুর্নামেন্টকে কেন্দ্র করে মাঠ প্রস্তুত ও দল গঠনের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করছে।