খুলনায় ২ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সমর কুমার পাল (৫৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে হরিণটানা থানাধীন জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সমর কুমার পাল খুলনার দৌলতপুর থানাধীন পাবলা কবির বটতলা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত দেবেন্দ্রনাথ পাল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশ জিরোপয়েন্ট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সমর কুমার পালকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ২ হাজার ৯৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ ও সরবরাহের উদ্দেশ্যে রাখা হয়েছিল।

এ ঘটনায় গ্রেপ্তার সমর কুমার পালের বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কেএমপি সূত্রে জানা গেছে।