ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।