ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাদক সেবনরত অবস্থায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ডোপ টেস্টের মাধ্যমে মাদক সেবনের প্রমাণ মেলায় সংক্ষিপ্ত বিচার আদালতে (সামারি ট্রায়াল কোর্ট) তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​থানা পুলিশ সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলীর নির্দেশে এবং ভবানীপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) ফররুখ আহমেদের নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন— বিরামপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সাজেদুল ইসলাম (২৬), ধুলিয়া গ্রামের শরিফুল হকের ছেলে শাহিন হোসেন (২০), শিংগা গ্রামের ডাবলুর ছেলে রাফায়েত আহমেদ (১৯) এবং ভবানীপুর গ্রামের নূর ইসলামের ছেলে লিয়ন আহম্মেদ।
​গ্রেপ্তারের পর আসামিদের ডোপ টেস্ট করানো হলে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে হরিণাকুণ্ডু থানার প্রসিকিউশন নম্বর-৪২/২৬ ও ৪৩/২৬ মূলে আসামিদের সামারি ট্রায়াল কোর্টে সোপর্দ করা হয়।
​আদালতের রায়ে আসামি সাজেদুল ইসলাম, রাফায়েত আহমেদ ও মোঃ শাহিন হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬ হাজার টাকা করে জরিমানা করা হয়; জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। অপরদিকে আসামি লিয়ন আহম্মেদকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়; জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন বিচারক।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, “মাদকের বিস্তার রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

সোহরাব হরিণাকুন্ডু
01309-183404