পুলিশের ধর্ম সেবা এখন পুলিশের সেবিকার প্রয়োজন।
নীলফামারীর ডিমলা থানা ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পুলিশের দায়িত্বরত একজন কর্মকর্তা আহত হয়েছেন। এ সময় সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ ভেঙে অকেজো হয়ে পড়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এ সময় থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তার কক্ষে আরও তিনজন সেবাগ্রহীতা উপস্থিত ছিলেন।
আহত ব্যক্তি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোসলেম উদ্দিন। ঘটনার সময় তিনি ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে মোসলেম উদ্দিন বলেন, ‘আমি ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় আমার কক্ষের ছাদের পলেস্তারা আচমকা খুলে পড়ে আমার কাঁধে আঘাত লাগে। এ সময় ওই কক্ষের পুলিশি কার্যক্রমে ব্যবহৃত একটি কম্পিউটারও ভেঙে অকেজো হয়ে যায়।’
ঘটনার পর মোসলেম উদ্দিনকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ডিমলা থানা ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দোতালা ভবনের বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ে। অনেক জায়গায় ছাদ ও দেয়ালের পলেস্তরা খুলে রড বেরিয়ে গেছে। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ছে। ভবনের বিভিন্ন অংশ স্যাঁতসেঁতে। এই জরাজীর্ণ ভবনে ৬২ জন পুলিশ সদস্য কর্মরত।