নাটকীয় এক ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ সুদামেরিকানো ফুটসাল শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

​প্যারাগুয়ের আসুনসিওন শহরের সুমা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল আলবিসেলেস্তেরা। কোচ সান্তিয়াগো বাসিলের অধীনে এটি তাদের টানা তৃতীয় মহাদেশীয় শিরোপা।

​ফাইনালে আর্জেন্টিনার হয়ে গোল করেন তোমাস বারিওস এবং দলের অধিনায়ক লরেনসো সামপেদ্রো। এছাড়া প্রথমার্ধের শেষদিকে প্রতিপক্ষ দল লাল কার্ড দেখায় সুবিধা পায় আর্জেন্টিনা। এ সময় গোলরক্ষক সান্তিনো সানচেজের বেশ কয়েকটি দুর্দান্ত সেভ দলের জয়ে বড় অবদান রাখে।

​এই জয়ের ফলে চলতি বছরের শুরুতে পানামায় অনুষ্ঠিত জুভেনাইল প্যান আমেরিকান গেমস এবং গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের মধুর প্রতিশোধও নিলো আর্জেন্টাইন যুব দল। ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন জাতীয় সিনিয়র ফুটসাল দলের কোচ মাতিয়াস লুকুইক্স।