ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শাহ আলম নামে এক সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা। উপজেলার কোলা ইউনিয়নের বড় বায়শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, বড় বায়শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে ওই বিদ্যালয়েরই চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ স্থানীয় জনগণ ও অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষক শাহ আলমকে বিদ্যালয়ের কক্ষের ভেতরে অবরুদ্ধ করে রাখেন।
​ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালান।
​ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তারা অভিযুক্ত শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।