​মহেশপুর উপজেলা নয় নম্বর যাদবপুর ইউনিয়নের -এর পশ্চিমপাড়ায় ফেন্সিডিল ধরিয়ে দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক চিহ্নিত মাদক কারবারির বিরুদ্ধে।

​অভিযুক্ত ব্যক্তির নাম হাফি, সে যাদবপুর পশ্চিমপাড়া এলাকার রওশন আলীর ছেলে। স্থানীয়দের দাবি, হাফি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ফেন্সিডিলসহ নানা ধরনের মাদক কারবার চালিয়ে আসছে।

​ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি এলাকায় ফেন্সিডিল বিক্রির তথ্য উন্মোচিত হওয়া ও মাদক উদ্ধারে সহায়তা করার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠে হাফি। এরই জেরে সে ও তার সঙ্গীরা ভুক্তভোগীর ওপর নির্মম হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

​এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অবিলম্বে চিহ্নিত মাদক কারবারি হাফিকে গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। একই সাথে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।