যশোরের আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাতেমা বেগম (স্বামী পরিত্যক্তা) নামে এক নারীকে ঘরে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে সুমন হোসেনের বিরুদ্ধে। আহত ফাতেমা বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
ফাতেমা বেগমের অভিযোগ, গত শুক্রবার দুপুরে তার এক বছর বয়সী ছেলের সঙ্গে সুমনের মেয়ের খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসা করে তিনি সুমনের মেয়ে সামিয়াকে বাড়িতে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর সুমন কাঠের বাটাম হাতে তার ঘরে ঢুকে তাকে মারধর করেন। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ফাতেমার দাবি, মারধরের কারণে তার কিডনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে চাপা জখম রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এ ঘটনায় ফাতেমা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।