যশোর জেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি নূরনবীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া এবং পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (যশোর-৩ আসন) শাহীন চাকলাদারসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
​ঘটনার দীর্ঘ ১৩ বছর পর শহরের ঘোপ জেলরোড এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী নূরনবী বাদী হয়ে যশোর বিজ্ঞ আদালতে এই মামলাটি দায়ের করেন।
​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত রাজনৈতিক সরকারের আমলজুড়ে আসামিদের প্রভাব ও ভীতিকর পরিস্থিতির কারণে ভুক্তভোগী এতদিন আইনি পদক্ষেপ নিতে পারেননি। তৎকালীন সময়ে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে আসামিরা নূরনবীর ওপর হামলা চালিয়ে হাত-পা ভেঙে দেয় এবং পায়ের রগ কেটে দিয়ে মারাত্মক জখম করে।
​মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা ও সার্বিক বিষয় তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদেশ দেওয়া হয়েছে।