বরগুনার বামনা উপজেলায় সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক সদ্য ভূমিষ্ঠ কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে চিকিৎসাধীন ও নিরাপদ রয়েছে।
ঘটনাটি ঘটে গত সোমবার (২৪ আগস্ট) দুপুরে। জানা যায়, উপজেলার চাড়াখালী গ্রামের ফায়ার সার্ভিস স্টেশনের পূর্ব পাশে প্রধান সড়কের সংলগ্ন একটি দোকানের পেছনে আনুমানিক দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময়ে কে বা কারা একটি বাজারের ব্যাগে কাপড়ে পেঁচিয়ে ওই সদ্যোজাত শিশুটিকে ফেলে রেখে কেটে পড়ে।
একপর্যায়ে ব্যাগ থেকে শিশুটির কান্নার শব্দ পেয়ে এগিয়ে যান স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার কামরুজ্জামান রিপন। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের অনুমতি সাপেক্ষে ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুত হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও শঙ্কা মুক্ত রয়েছে।
এদিকে লোকচক্ষুর অন্তরালে এক নিষ্পাপ সদ্যোজাতকে এভাবে সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও মানবিক বিপর্যয়ের সমবেদনা সৃষ্টি হয়েছে। এ অমানবিক ঘটনার সাথে কারা জড়িত, তা খতিয়ে দেখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।