ঢাকার ধামরাইয়ে চাঞ্চল্যকর শংকর চন্দ্র মন্ডল (২৮) হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-৪-এর যৌথ আভিযানিক দল।

বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে কক্সবাজার সদর থানাধীন কলাতলী ডলফিন মোড় সংলগ্ন ময়না হোটেলে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট সকালে ঢাকার ধামরাই থানার পশ্চিম কায়েতপাড়া এলাকায় সীমা সিনেমা হলের রাস্তার পাশে ওবায়েদিল হাজী মালিকানাধীন একটি রাইস মিলের অফিসে শংকর চন্দ্র মন্ডলকে নিয়ে হাত-পা বেঁধে রড ও কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা তাকে বাড়িতে পৌঁছে দিলে পরিবারের সদস্যরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাকে ঢাকায় নেওয়া সম্ভব হয়নি। পরে ১৫ আগস্ট ভোরে নিজ বাড়িতেই শংকর চন্দ্র মন্ডলের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।
র‌্যাব জানায়, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৪-এর যৌথ দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ওয়াজেদ হাজী ধামরাই থানার শরীফবাগ গ্রামের মৃত ডাউরি ব্যাপারীর ছেলে।
র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।