বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে যশোর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগিতায় ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ল্যান্স কর্পোরাল মোঃ হোসেন আলী, ১৯ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এনসি(ই) শান্ত সাহেব, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, গত ২২ আগস্ট ২০২৬ তারিখ হতে শুরু হওয়া এই মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া, সেনাসদর ও যশোর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।