চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অভিযান চালিয়ে দুটি বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যপণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স না থাকা এবং অননুমোদিত রং ও ফ্লেভার ব্যবহারের অভিযোগে মো. জামাল মিয়ার প্রতিষ্ঠান মেসার্স রিমি ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ট্রেড লাইসেন্স ও স্যানিটারি লাইসেন্স না থাকা, অননুমোদিত রং ও ফ্লেভার এবং শিল্প লবণ ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে মুসলিম ফাস্ট ফুড অ্যান্ড বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযান শেষে বেকারিগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা এবং উৎপাদন ও বিক্রয়স্থলে পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর