ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়া উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ শিক্ষার্থীদের এই সাফল্যকে সাধুবাদ জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনের মূল ভিত্তি। আজকের এই স্বীকৃতি শিক্ষার্থীদের আগামী দিনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। শুধু ভালো ফল করলেই হবে না, বরং একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করার জন্য উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে এক আনন্দঘন পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পছন্দের স্বীকৃতি হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাদের অভিভাবকরাও এ ধরনের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।