ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার আম বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম কোটচাঁদপুর উপজেলার বাজে বামনদহ মন্ডলপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। তিনি আম বাজারের আমিরুল খাবার হোটেলের কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে নুর ইসলাম কলেজস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে আম বাজারের খাবার হোটেলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি আম বাজার মোড়ে পৌঁছালে কালীগঞ্জ-খালিশপুর সড়কে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।
এতে নুর ইসলাম মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে নিহতের মরদেহ কোটচাঁদপুর থানা পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় দুর্ঘটনাকারী বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।