ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৫ জন সেবনকারীকে হাতেনাতে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানার একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ওই ৫ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকাকে মাদকমুক্ত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।