নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭.৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেন্সিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭.৩০ ঘটিকার সময় নিয়ামতপুর থানা এলাকার ৬নং রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন পুলিশ।
পুলিশ সূত্রানুযায়ী জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। এক গোপন সংবাদের ভিত্তিতে দলটি নিমদিঘী গ্রামের ওই বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ৭. ৫০০ গ্রাম গাঁজা এবং ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ।
পুলিশ সূত্রানুযায়ী আরো জানা যায়, আটককৃত আসামী ইসাহাক আলী (৬৭) নিয়ামতপুর উপজেলার নিমদিঘী গ্রামের মৃত ইসরাইলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে এসব অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে বিক্রি করে আসছিল।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত আসামীর হেফাজতে থাকা উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।