কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ধারালো অস্ত্রসহ শেখ বিজয় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। বাহিনীর দাবি, গ্রেপ্তার শেখ বিজয় সশস্ত্র ডাকাত দল ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন নয়াবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারির অবস্থানের খবর পায়। পরে ওই এলাকার মো. শাহজাহানের বসতবাড়ির উত্তর পাশে খালপাড়ে অভিযান চালায় দলটি।
এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে শেখ বিজয়কে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে একটি একনলা দেশীয় বন্দুক, দুটি ওয়ান শুটার এলজি, ১৭ রাউন্ড গোলাবারুদ, ২৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ছয়টি ধারালো ছোরা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শেখ বিজয় টেকনাফ উপজেলার খারাংখালী এলাকার পূর্ব মহেশখালীয়াপাড়ার বাসিন্দা শাহ আলম ও জহুরা বেগমের ছেলে।
এসআরবি-১৫ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার, সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতা দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।