বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জে কে ইসলামি মিশন, খুলনার উদ্যোগে পরিচালিত ‘কর্জে হাসানা প্রকল্প’-এর আওতায় ৫ জন অসচ্ছল ক্ষুদ্র ব্যবসায়ীকে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ রোডস্থ মেসার্স রাফি মোটরসের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মোট ৫০ হাজার টাকা সুদমুক্ত ঋণ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কর্জে হাসানা প্রকল্পের কো-অর্ডিনেটর হাফেজ মো. শহিদুল ইসলাম, মূলঘর পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি,জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি সৈয়দ জালিস মাহমুদ, খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম,দৈনিক যায়যায়দিন প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন, দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি সৈয়দ এহতেশামুল করিম অনুজ এবং প্রকল্পের উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কর্জে হাসানা প্রকল্প’-এর মূল লক্ষ্য হলো সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে ইসলামী শরিয়াহভিত্তিক সুদমুক্ত অর্থসহায়তার মাধ্যমে অসচ্ছল ও ঋণগ্রস্ত মানুষকে স্বাবলম্বী করে তোলা। এ প্রকল্পের আওতায় ঋণগ্রহীতারা সপ্তাহে ২০০ টাকা করে ৫০ সপ্তাহে শুধুমাত্র মূলধন পরিশোধ করবেন। এ ঋণের বিপরীতে কোনো ধরনের সুদ বা অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে না।
বক্তারা আরও জানান, ইসলামী অর্থনীতিতে ‘কর্জে হাসানা’ হলো মানবকল্যাণমূলক একটি ব্যবস্থা, যেখানে সচ্ছল ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনা সুদে অসচ্ছল মানুষের প্রয়োজন পূরণে ঋণ প্রদান করেন। ২০২৫ সালে চালু হওয়া এ প্রকল্পের প্রাথমিক পর্যায়ে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় ১০ জন করে অসচ্ছল ক্ষুদ্র ব্যবসায়ীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান করা হচ্ছে।
আয়োজকদের আশা, এ প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা হালাল উপায়ে ব্যবসা পরিচালনা করে স্বাবলম্বী হবেন এবং সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবেন।