দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার আটলান্টিক উপকূলে এক ভয়াবহ ফেরিডুবির ঘটনা ঘটেছে। ঘটনার সময় নৌযানটিতে ক্রু ও যাত্রীসহ মোট ১৩৩ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন বাকি ৬৬ জন। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছে প্রশাসন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে জানা গেছে, নিখোঁজদের খোঁজে সমুদ্র উপকূলে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত শনিবার (১৮ জুলাই) রাতে ১১৬ জন যাত্রী এবং ১৭ জন ক্রু নিয়ে ফেরিটি রাজধানী জর্জটাউন থেকে পোর্ট কাইতুমার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে উপকূল থেকে প্রায় ৭ মাইল দূরে উত্তর আটলান্টিক মহাসাগরে ফেরিটি আচমকা উল্টে যায়। দুর্ঘটনা কবলিত যানটি থেকে জরুরি বিপদসংকেত (SOS) পাওয়ার পরপরই দ্রুত উদ্ধারকাজে নামে কোস্টগার্ড ও জরুরি উদ্ধারকারী দল।
ভয়াবহ এই দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ফেরির ক্যাপ্টেন এবং কয়েকজন ক্রুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।