ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দুধসরা বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এক বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে এই অভিযান চালানো হয়।

​ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে

অভিযানের সময় হোটেল ও মিষ্টির দোকানগুলোতে জিলাপি তৈরিতে নিষিদ্ধ হাইড্রোজের ব্যবহার, অননুমোদিত ক্ষতিকর রং, খোলা অবস্থায় খাবার রাখা, কালিযুক্ত কাগজে খাবার পরিবেশন এবং কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণের মতো গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ মেলে।

​ শাস্তি ও জরিমানা

ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে উপজেলা প্রশাসন একটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অপর একটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করে তা আদায় করে।

​অভিযানে নেতৃত্ব দেন

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার সুপন সরকার। বাজার তদারকিতে সহযোগিতা করেন স্থানীয় স্যানিটারি ইন্সপেক্টরবৃন্দ এবং ঝিনাইদহ জেলা পুলিশ।

​জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।