
আসন্ন বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানোর আগেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফিফার টিকিট বিক্রয় নীতি। বিশেষ করে টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে ফুটবলপ্রেমী ও খেলোয়াড়দের মাঝে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
টিকিট বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম ‘সিটগিক’-এর তথ্য অনুযায়ী, তাদের মাধ্যমে বিক্রি হওয়া ফাইনাল ম্যাচের প্রতিটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা।
সুপার বোল ও এনবিএ ফাইনালকেও ছাড়িয়ে গেছে টিকিটের দাম
ক্রীড়াভিত্তিক জনপ্রিয় মাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এই টিকিট মূল্যের রেকর্ড অতীতের সব হিসাবকে ছাড়িয়ে গেছে। করোনা মহামারি পরবর্তী সময়ে অনুষ্ঠিত আমেরিকার জনপ্রিয় ‘সুপার বোল’ কিংবা নিউইয়র্কে হওয়া সাম্প্রতিক ‘এনবিএ ফাইনালস’—কোনো ইভেন্টের টিকিটের দামই এতটা বেশি ছিল না। ফলে স্বাভাবিকভাবেই এটি যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ইভেন্টে পরিণত হয়েছে।
খেলোয়াড় ও সমর্থকদের তীব্র ক্ষোভ টিকিটের এই মাত্রাতিরিক্ত দাম নিয়ে সাধারণ সমর্থকদের পাশাপাশি খোলামেলা ক্ষোভ প্রকাশ করছেন মাঠের ফুটবলাররাও।
স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার এই টিকিট নীতিকে সরাসরি ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন।এর আগে ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহিও টিকিটের দাম নির্ধারণের এই প্রক্রিয়া নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার তীব্র সমালোচনা করেন।
খেলোয়াড় ও সমর্থকদের এমন প্রকাশ্য প্রতিবাদের মুখে বিশ্বকাপ ফাইনালের টিকিট নিয়ে বিতর্ক এখন বিশ্বজুড়ে তুঙ্গে।
Leave a Reply