
চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ভোলাহাটে ১৩৫ বোতল ফেনসিডিল জাতীয় অবৈধ ‘স্কাফ’ সিরাপসহ সাইরুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভোলাহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিক-নির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্সের একটি চৌকস দল ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের হাউসপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে নিজ বসতবাড়ি থেকে আসামি মোঃ সাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সে হাউসপুর গ্রামের মোঃ আলাউদ্দিন ওরফে আলার ছেলে। পরবর্তীতে তার হেফাজতে রাখা অবৈধ ১৩৫ (একশত পঁয়ত্রিশ) বোতল ফেনসিডিল জাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে যেকোনো মাদকের তথ্যাদি দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।
Leave a Reply