
খুলনায় পুলিশের বিশেষ চেকিং অভিযানে ২ রাউন্ড গুলিসহ মোঃ জাফর (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পথের বাজার পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিঃ) অয়ন তীর্থ পাইক সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ পথের বাজার পুলিশ চেকপোস্টে চেকিং ডিউটি পালন করছিলেন। এ সময় চেকপোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর সন্দেহজনকভাবে অবস্থানরত জাফরকে আটক করা হয়।
পরে তাকে তল্লাশি করে তার হেফাজত থেকে ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার জাফর বরগুনা সদর থানার চালিতাতলী, আজিজবাদ এলাকার ৮৪৬ নম্বর বাড়ির বাসিন্দা। তার পিতার নাম আব্দুল হাকিম।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গুলির আলামত যথাযথভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকিং ও অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply