
পাবনার সুজানগরে বিদ্যালয়ে যাওয়ার পথে সৌদি আরব প্রবাসীর কন্যা অপহরণের ১৫ দিন পেরিয়ে গেলেও ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়েকে ফিরে না পেয়ে চরম উৎকণ্ঠা ও অজানা আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার। এ ঘটনায় সুজানগর থানায় অপহরণ মামলা হলেও মামলার কয়েকজন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।
অপহরণের ঘটনায় উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের মো. মিজান শেখের ছেলে রাতুল শেখ (২১)সহ পাঁচজনকে আসামি করা হয়েছে। গত ২৭ জুলাই শিক্ষার্থীর মা বাদী হয়ে সুজানগর থানায় মামলাটি করেন।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী স্থানীয় উদয়পুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে একই গ্রামের রাতুল শেখ দীর্ঘদিন ধরে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ পরিবারের। বিষয়টি অভিযুক্তের পরিবারসহ সংশ্লিষ্ট অভিভাবকদের জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন তারা।
পরিবারের অভিযোগ, গত ২২ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে পথরোধ করে রাতুল শেখসহ অভিযুক্তরা ওই শিক্ষার্থীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিক্ষার্থীর বাবা সৌদি আরবে অবস্থান করায় তার মা বাদী হয়ে থানায় মামলা করেন। তবে মামলা দায়েরের পরও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ পরিবারের।
শিক্ষার্থীর মা বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। মামলা করার পরও এখন পর্যন্ত তাকে উদ্ধার করা হয়নি। মামলার কয়েকজন আসামি দিনের বেলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উপরন্তু মামলা তুলে নিতে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে না নিলে মেয়েকে আর কখনো দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। মেয়ের চিন্তায় আমরা চরম উৎকণ্ঠায় আছি।”
এ বিষয়ে সুজানগর থানার ওসি (তদন্ত) লালবুর রহমান মঙ্গলবার বলেন, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারের পাশাপাশি মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply