1. adnanmim872@gmail.com : doinikinsafercokh :
  2. Munabbiha145@gmail.com : Munabbia A : Munabbia A
  3. fauzursabit135@gmail.com : Fauzur Sabit : Fauzur Sabit
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও আড়াই লাখ টাকা লুট

ফুলতলা খুলনা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১১ Time View

খুলনার ফুলতলা বাজারের পানবাজার এলাকায় ‘মায়ের দোয়া ট্রেডার্সে’ হামলা, ভাঙচুর ও নগদ আড়াই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন ব্যবসায়ী আহত হয়েছেন বলে দাবি করেছে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটি। ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বণিক কল্যাণ সোসাইটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সোসাইটির সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ।

লিখিত বক্তব্যে বলা হয়, বৃহস্পতিবার ফুলতলা বাজারের রফিক সড়ক সংলগ্ন পানবাজার এলাকার ‘মায়ের দোয়া ট্রেডার্সে’ ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা দোকানে ঢুকে ভাঙচুরের পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা ব্যবসার মূলধন হিসেবে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

এ সময় দোকানের স্বত্বাধিকারী মো. রবিউল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. শফিকুল ইসলামসহ আশপাশের ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। এতে কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুই ভাই বর্তমানে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানানো হয়।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বণিক কল্যাণ সোসাইটি চার দফা দাবি তুলে ধরেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, লুট হওয়া টাকা উদ্ধার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ক্ষতিপূরণ, হামলার পেছনে কোনো ইন্ধনদাতা থাকলে তাদের আইনের আওতায় আনা এবং ফুলতলা বাজারে স্থায়ীভাবে পুলিশি টহল জোরদার করা।

সংবাদ সম্মেলনে বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন পারভেজ বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ ও মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে ফুলতলা বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ, ফুলতলার অধিকাংশ সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে হামলা, লুটপাট ও জড়িতদের বিষয়ে ওঠা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com