
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যায়ে স্মৃতিস্মারক হিসেবে তাঁর পছন্দের ফুল ‘কাঁঠালিচাঁপা’র চারা রোপণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে রাস্তার পাশে গাছটি রোপণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স। সম্প্রতি ঝড়ের কবলে পড়ে ওই স্থানে থাকা একটি পুরোনো কৃষ্ণচূড়া গাছ উপড়ে গেলে সেখানে এই নতুন চারাটি রোপণের উদ্যোগ নেওয়া হয়।
বৃক্ষরোপণ শেষে ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, “১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে একটি কাঁঠালিচাঁপা ফুলের গাছ লাগিয়েছিলেন। দেশের শিক্ষাব্যবস্থায় তাঁর অনন্য অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা ঢাবি ক্যাম্পাসে এই গাছটি রোপণ করলাম। এটি তাঁর প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হয়ে থাকবে।”
তিনি আরও জানান, গাছটি যেন নিরাপদে বেড়ে উঠতে পারে সে জন্য ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। একই সাথে ক্যাম্পাসের যেসব স্থানে পুরোনো বা ক্ষতিগ্রস্ত গাছ নষ্ট হয়েছে, সেখানে নতুন চারা লাগানোর ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সবুজায়নের লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষার্থীকে বছরে অন্তত একটি করে বৃক্ষরোপণ করার উদাত্ত আহ্বান জানান আয়োজকরা।
Leave a Reply