
ঝিনাইদহে জমি কেনার পর দখল করাকে কেন্দ্র করে জরিনা বেগম নামে আশি বছরের এক বৃদ্ধা মা ও তার ছেলে আসাদুল মন্ডল (৬০) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের কনেজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ঐ বৃদ্ধা মা ও তার ছেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ভুক্তভোগীদের বক্তব্যে জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসের দিকে কনেজপুর গ্রামের ওয়াজেদ আলী মন্ডলের দুই মেয়ে বুলবুলি ও হাঁসি’র নিকট থেকে ৩৫ শতক জমি কেনেন কনেজপুর গ্রামের মৃত আলফাজ মন্ডলের ছেলে আসাদুল মন্ডল। এতে বুলবুলি ও হাসির আপন ভাই আশরাফুল ক্ষুব্ধ হয়ে জমি দখল নিতে বাধাগ্রস্ত করে আসাদুল কে।
এ ঘটনাকে কেন্দ্র করে আসাদুল ও আশরাফুল এই আপন দুই চাচাতো ভায়ের পরিবারে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে ঘটনার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে হঠাৎ ওয়াজেদ মন্ডলের ছেলে জাহাঙ্গীর (৫০), আশরাফুল আলম (৬২), শরিফুল ইসলাম (৫৫), আব্দুল্লাহ খোকন (৪৫) এবং আব্দুল্লাহ খোকনের ছেলে মাহিন(২০) দেশীয় অস্ত্রসহ অতর্কিত ভাবে আসাদুলের বাড়িতে ঢুকে কুপাতে থাকে। এসময় আসাদুলের বৃদ্ধা মা রহিমা বেগম ছেলেকে বাঁচাতে ছুটে এলে তার বুকে লাথি দিয়ে ফেলে দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিড়ে নেয় আশরাফুল।
রহিমা বেগম অভিযোগ করে বলেন, এছাড়াও তাদের ঘরে থাকা নগদ টাকাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র লুট-পাট করে চলে যায় অভিযুক্তরা। এবিষয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ভুক্তভোগী ঐ পরিবার।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানিয়েছেন, কনেজপুর গ্রামে মারামারির বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply