
সাতক্ষীরার শ্যামনগরে জুলাই মাসজুড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোট ৭ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্যামনগর থানা সূত্রে জানা গেছে, ১ থেকে ৩১ জুলাই পর্যন্ত থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে পুলিশের বিভিন্ন দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫০ গ্রাম গাঁজা, ৩ লাখ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৭০৩ পিস ইয়াবা এবং ২ লাখ ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের ১৮৩ বোতল কোরেক্স ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত ২ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের একটি নম্বরবিহীন কালো রঙের ইয়ামাহা মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, উপজেলার কাশিমাড়ী, সোয়ালিয়া, আটুলিয়া, নকিপুর, বল্লার টোপ, বংশীপুর, মুন্সিগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন এলাকা, নওয়াবেঁকী, কৈখালী পরাণপুর, নুরনগর ও মাদিয়াসহ বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
এসব ঘটনায় শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর নম্বর হলো—১, ১৬, ১৮, ২৭, ৩০, ৩১, ৩৯, ৪০, ৪১, ৪৪, ৪৫ ও ৪৬।
অভিযানে অংশ নেন শ্যামনগর থানার এসআই মোঃ আব্বাস আলী, খন্দকার আনোয়ার হোসেন, অনিরুদ্ধ রায়, আসাদুজ্জামান নূর, মোহাম্মদ বিপ্লব হোসেন, চিরঞ্জিত গাইন এবং বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী ক্যাম্পের কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, সামাজিক ও যুবসংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।
Leave a Reply