
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)-এর পৃথক অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ ডিএনএ টেস্ট কিট ও অনুমোদনহীন ভারতীয় কীটনাশক জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য দেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিশেষ টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত পার করে আনা ভারতীয় তৈরি ডিএনএ টেস্ট কিটের একটি চালান আটক করা হয়। পরবর্তীতে অপর একটি পৃথক টহল দলের অভিযানে সীমান্ত অতিক্রমের সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কীটনাশক জব্দ করা হয়। বিজিবির উপস্থিত টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৫৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অবৈধ মালামাল প্রবেশ প্রতিরোধে বিজিবির টহল ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply