
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বিকেল ০৬:৩০ ঘটিকায় দর্শনা থানা লোকমোর্চা ও আকন্দবাড়িয়া মাদক নির্মূল কমিটির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান।
“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান” এবং “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে”—এই বার্তা নিয়ে আয়োজিত র্যালি ও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য এক মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলেই চলবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।” তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে পরিবার ও সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আরও জানান, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সামাজিক আন্দোলনকে আরও জোরদার করা হবে।
সভায় অন্যান্য বক্তারা মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন এবং এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে একাত্মতা প্রকাশ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি এ ধরনের সচেতনতামূলক ও সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply