
ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়া এলাকায় বাজার করা ও খাবার খাওয়া নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাওসার (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লিখন (১৬) নামের দশম শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
নিহত কাওসার ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী এবং হরিণাকুণ্ডু পৌরসভার বাসিন্দা। আটক লিখনের বাড়ি শোলমারী এলাকায়। তারা দুজনই মহিলা কলেজপাড়া এলাকার জাফর খাঁর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাজার করা নিয়ে কাওসার ও লিখনের মধ্যে কথা-কাটাকাটি হয়। দুপুরে খাবার না পাওয়াকে কেন্দ্র করে সেই বিরোধ আরও তীব্র হয়। একপর্যায়ে লিখন প্রথমে কাঠের বাটাম দিয়ে কাওসারকে আঘাত করে এবং পরে সবজি কাটার ছুরি দিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত অবস্থায় কাওসারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট অভিযান চালিয়ে অভিযুক্ত লিখনকে আটক করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটাম ও ছুরিটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে রুমমেটদের মধ্যে তুচ্ছ বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply