
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় প্রেমিকার হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করা এবং তাঁর বাবা-মাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে সায়ন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হোটেল বাজার এলাকার রিপন টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। আটক সায়ন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আবু তালেবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ভুক্তভোগী সেলিমের বাসা থেকে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সায়ন ওই পরিবারের তিন সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলায় স্মৃতি আক্তার (২২) নামের এক তরুণীর একটি হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময় স্মৃতিকে বাঁচাতে গিয়ে তাঁর বাবা সেলিম (৫০) ও মা রেবেকা সুলতানা কামনা (৪২) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত সায়নকে আটক করেছে পুলিশ। হামলার নেপথ্যের কারণ ও ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
Leave a Reply