
ঝিনাইদহের শৈলকুপায় বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার মাধবপুর গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মাধবপুর গ্রামের প্রবীণ কৃষক অমরেন্দ্র ভৌমিক (৭০) ও তার স্ত্রী মিনাক্ষী রাণী (৬৫)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কৃষক অমরেন্দ্র ভৌমিক নিজের গবাদিপশুর জন্য বিদ্যুৎ চালিত মেশিনে ঘাস কাটছিলেন। ঘাস কাটার একপর্যায়ে অসাবধানতাবশত মেশিনের তারের লিক অংশ থেকে পুরো ঘাস কাটার যন্ত্রটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় অমরেন্দ্র ভৌমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করেন।
স্বামীর আকুল চিৎকার শুনে ঘর থেকে তাকে বাঁচাতে দ্রুত ছুটে যান স্ত্রী মিনাক্ষী রাণী। তিনি কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে ছাড়ানোর চেষ্টা করলে নিজেও মারাত্মকভাবে বিদ্যুতায়িত হন। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হয়।
পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ঘটনা টের পেয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন, তবে ততক্ষণে দুজনেরই প্রাণহানি ঘটে। একই পরিবারের দুজনের এমন মর্মান্তিক মৃত্যুতে মাধবপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শৈলকুপা থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনাজনিত হওয়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply