
ঝিনাইদহের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে শুভ দাস (১৫) নামের এক কিশোর বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের দাসপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। অসুস্থ শুভ দাস ওই গ্রামের বৃষ্ণ পদ দাসের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে শুভ দাসের সঙ্গে পরিবারের সদস্যদের তর্কাতর্কি ও মানসিক অমিল তৈরি হয়। এরই জেরে শুভ দাস সবার অগোচরে ঘরে রাখা বিষপান করে। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ও ছটফট করতে দেখলে বিষয়টি স্বজনদের নজরে আসে।
শুভ দাসের এক স্বজন জানান, “সকালে সামান্য পারিবারিক বিষয় নিয়ে একটু কথা-কাটাকাটি হয়েছিল। কিন্তু ছেলেটি যে অভিমানে এমন চরম ও মারাত্মক সিদ্ধান্ত নেবে, তা আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। ঘরে ওর হঠাৎ শারীরিক অবনতি দেখে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।”
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “বেলা ১১টার পরপরই স্বজনরা বিষাক্রান্ত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা দ্রুত তার পাকস্থলী ওয়াশ করে বিষ নিষ্কাশনের প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করেছি। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
Leave a Reply