
ঝিনাইদহের কালীগঞ্জে বসতবাড়িতে প্রবেশ করে মাদক সেবন, বৈদ্যুতিক তার চুরি করে এনে আড্ডা, জুয়া খেলা ও সর্বশেষ সাব মার্সেবল মোটর চুরির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কাঙ্খিত গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শাহিনুর আক্তার স্বর্ণা।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার বাসিন্দা শাহিনুর আক্তার স্বর্ণা তার সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করেন।ভুক্তভোগীর অভিযোগ, অজ্ঞাতনামা ১০-১৫ জন ব্যক্তি বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সেবন, গাঁজা সেবন, বাইরে থেকে বৈদ্যুতিক তার চুরি করে তার বাড়িতে প্রবেশ এবং সেখানে জুয়া খেলাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড করে আসছিলেন। তাদের নিষেধ করা হলেও তারা কর্ণপাত না করে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ৮ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টার দিকে রাতে খাবার খেয়ে ভুক্তভোগী ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল আনুমানিক ১০টার দিকে বসতবাড়িতে প্রবেশ করে দেখতে পান, ঘরে থাকা একটি সাবমার্সিবল মোটর, যার আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা, চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন স্থানে মোটরটি খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর আইনগত সহায়তা পাওয়ার আশায় কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, অভিযোগ দায়েরের পরও বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত তদন্ত করে চুরি যাওয়া মোটর উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply