
ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আধুনিক ‘পৌর মার্কেট’ নির্মাণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আনন্দঘন পরিবেশে এই দৃষ্টিনন্দন মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খাঁন বলেন, “এই আধুনিক পৌর মার্কেট নির্মিত হলে এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা এক ছাদের নিচে উন্নত ও আধুনিক কেনাকাটার সুযোগ পাবেন, যা কালীগঞ্জের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ। তিনি প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্য অতিথি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী কবীর হাচান এবং স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার সামাজিক-সংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply