
নড়াইলের নড়াগাতী থানায় পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় তার ভাই নয়ন শেখকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার এসকেন শেখ নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় নড়াগাতী থানা পুলিশের ওপর হামলা ও আঘাতের ঘটনা ঘটে। এ সময় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যান এসকেন শেখ। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হ্যান্ডকাফ উদ্ধার করলেও তিনি আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে সিপিসি-৩, যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় এসআরবি-৬-এর তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply