
নড়াইলে ‘বেবি বাইক সপ বিডি’ ও ‘মিশরীয় মুরগি সেল বাজার’সহ বিভিন্ন নামে ফেসবুক আইডি ও পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দীন।
গ্রেফতারকৃতরা হলেন—নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে মোর্তজা (২৭) এবং একই উপজেলার নারায়ণপুর গ্রামের কামাল মোল্যার ছেলে লিমন মোল্যা (২৭)। লিমন মোল্যা একজন বিকাশ এজেন্ট।
পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেন। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়।
ডিবি পুলিশের ওসি মো. আলাউদ্দীন জানান, ‘বেবি বাইক সপ বিডি’, ‘বেবি বাইক’, ‘কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০’, ‘মিশরীয় মুরগি সেল বাজার ২.০’ এবং ‘কম্বল.বিডি’সহ বিভিন্ন নামে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে তাঁরা দীর্ঘ দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত চক্রটি।
এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে বিষয়টি অবহিত করার পর এর প্রতারক চক্রটিকে গ্রেফতারে মাঠে নামে জেলা ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস দল।
অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতারের পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply